আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, “এটা শুধু কথার কথা নয়, মানুষের মনে এখন দুর্ভিক্ষের শঙ্কা ঘুরপাক খাচ্ছে। সেই সংকটের আলামত আমরা দেখতে পাচ্ছি।”
রিজভী বলেন, “আজ গার্মেন্টস বন্ধ হচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে। সরকার চাইলে এই প্রতিষ্ঠানগুলো প্রশাসকের মাধ্যমে চালাতে পারে, শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা করতে পারে। কিন্তু সেটা করছে না। দুর্ভিক্ষ হলে জনগণ কাউকে ছাড় দেবে না।”
তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি ধ্বংসের পথে গেলেও সরকার জনগণের জবাবদিহিতাহীনভাবে ক্ষমতায় টিকে আছে।”
রিজভী বলেন, “দেশের সব বিরোধী দল অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন দিচ্ছে।”
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।